দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সম্মানি প্রদানের কথা বলে প্রতারণা করা হচ্ছে। এই ধরনের প্রতারণা থেকে সাবধানে থাকার জন্য জরুরি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
বুধবার (১৮ নভেম্বর) সংস্থার জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের সরকারি কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছে। তারা বিভিন্ন সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে প্রলোভন দিচ্ছে। এরপর বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অগ্রিম টাকা বা খরচের টাকা দাবি করছে তারা।
ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এ ধরনের অর্থ দাবির সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের কথা বলে ফোন করে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ চাওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক ও ভিত্তিহীন। এ ধরনের কোনো অর্থ লেনদেনের নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া হয়নি।
সংস্থাটি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সকলকে এই প্রতারক চক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “টেলিফোনে কেউ সরকারি বরাদ্দ, বেতন-ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে টাকা দাবি করলে কোনো অবস্থাতেই বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ প্রদান করবেন না।” পাশাপাশি অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর বা ওটিপি প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যদি কেউ এ ধরনের প্রতারণার শিকার হন অথবা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারেন, তবে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় কার্যালয়ে বিষয়টি জানানোর কথা বলা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং নিজ নিজ এলাকার মসজিদ পরিচালনা কমিটি, ইমাম ও মুয়াজ্জিনদের বিষয়টি অবহিত করার আহ্বান জানাচ্ছে।