মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার (এসপি) এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। পুলিশ কর্মকর্তাদের পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে এই চক্রটি।
জানা গেছে, সম্প্রতি জেলার বেশ কিছু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছে ‘পুলিশ বক্স’ স্থাপনের সহায়তার কথা বলে অর্থ চেয়ে বার্তা পাঠানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রতারক চক্রটিকে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা পুলিশ।
পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তার পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ, ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ অর্থ বা চাঁদা দাবি করলে তা কোনোভাবেই দেওয়া যাবে না। এ ধরনের বার্তা বা কল পেলে দ্রুত সংশ্লিষ্ট থানার ওসি অথবা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রেরকের পরিচয় যাচাই করে নিতে হবে।
প্রতারণার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট এবং ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কেউ যদি ইতিমধ্যে প্রতারিত হয়ে থাকেন বা এ ধরনের বার্তা পেয়ে থাকেন, তবে অবিলম্বে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।
ভুল বার্তায় বিভ্রান্ত না হয়ে যেকোনো আর্থিক লেনদেনের আগে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।