দৈনন্দিন ব্যস্ততার মাঝে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে ভেষজ পানীয়গুলো এখন বেশ জনপ্রিয়। বিশেষ করে কালোজিরা ও গোলমরিচের মিশ্রণে তৈরি চা শরীর ও মনের প্রশান্তি আনতে বিশেষ ভূমিকা রাখে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই তৈরি করা সম্ভব এই পুষ্টিকর পানীয়।
এই বিশেষ চা প্রস্তুত করতে আপনার যা যা প্রয়োজন হবে:
চা পাতা: ২ চা-চামচ
কালোজিরা: আধা চা-চামচ
আস্ত গোলমরিচ: আধা চা-চামচ
আদাকুচি: এক চা-চামচের তিন ভাগের এক ভাগ
চিনি বা মধু: স্বাদমতো
পানি: ৫০০ মিলিলিটার
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে ৫০০ মিলিলিটার পানি নিন। পানি ফুটে উঠলে তাতে কালোজিরা, আস্ত গোলমরিচ এবং আদাকুচি দিয়ে দিন। এরপর মিশ্রণটি ৫/৭ মিনিট ধরে ফুটিয়ে নিন। যখন দেখবেন উপাদানগুলোর নির্যাস পানিতে ভালোভাবে মিশে গেছে, তখন পাত্রটি চুলা থেকে নামিয়ে নিতে হবে।
পরিবেশন পদ্ধতি:
একটি কাপের ওপরে ছাঁকনি রাখুন এবং তাতে ২ চা-চামচ চা পাতা দিন। এবার ফুটন্ত কালোজিরা, গোলমরিচ ও আদা জ্বাল দেওয়া পানি ধীরে ধীরে চা পাতার ওপর ঢেলে ছেঁকে নিন। সবশেষে স্বাদ অনুযায়ী চিনি বা মধু মিশিয়ে গরম থাকা অবস্থাতেই পান করুন। এই পানীয়টি আপনার শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে।