বর্ষার বিদায়ের পর গ্রামবাংলার নদী, নালা, খাল-বিলে পানি কমতে শুরু করলে সহজলভ্য হয়ে ওঠে দেশি কুচো চিংড়ি। এই মৌসুমি মাছটি বাজারেও প্রচুর পাওয়া যায়, তাই এই সময়েই অনেকে কুচো চিংড়ির ভুনা তৈরি করে থাকেন। কুচো চিংড়ির লাল ঝাল ভুনার একটি বিশেষ রেসিপি শেয়ার করেছেন শাহনাজ সেতু।
প্রয়োজনীয় উপকরণ:
২৫০ গ্রাম কুচো চিংড়ি, দুই কাপ পেঁয়াজকুচি, আধা কাপ টমেটোকুচি, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ চা-চামচ আদাবাটা, ৪-৫টি কাঁচা মরিচ, দেড় চা-চামচ মরিচগুঁড়া, আধা চা-চামচ হলুদ, আধা চা-চামচ জিরাগুঁড়া, স্বাদমতো লবণ, আধা কাপ শর্ষের তেল, ১টি ছোট টমেটো (ঐচ্ছিক) এবং সামান্য ধনেপাতা।
প্রস্তুত প্রণালী:
প্রথমে কুচো চিংড়ি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রাখতে হবে।
কড়াইয়ে শর্ষের তেল গরম করে পেঁয়াজকুচি দিন এবং লালচে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর এতে টমেটোকুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। টমেটো নরম হয়ে এলে মরিচগুঁড়া মিশিয়ে নিন।
এরপর রসুন ও আদাবাটা দিয়ে ভাজুন। সামান্য পানি দিয়ে ধনে, জিরা ও হলুদ ভালো করে কষিয়ে নিন। এবার মাখিয়ে রাখা চিংড়ি দিয়ে মসলার সঙ্গে মিশিয়ে কম আঁচে ৫-৭ মিনিট ভুনে নিন।
রান্না থেকে তেল আলাদা হয়ে এলে কাঁচা মরিচ দিন। সবশেষে ধনেপাতা ছড়িয়ে চুলা বন্ধ করুন।
টিপস:
ইচ্ছা হলে সামান্য লবণ ও হলুদ মেখে মাছ হালকা করে ভেজে নেওয়া যেতে পারে। তবে পেঁয়াজ বেশি দিয়ে অনেকক্ষণ ভুনা করা হয় বলে মাছ না ভাজলেও স্বাদ ভালো থাকে। এছাড়া এই রান্নায় মরিচের পরিমাণ বেশি হলে স্বাদ আরও বাড়ে।