মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা এই মামলায় মোট ৩৮ জন আসামি রয়েছে। এর মধ্যে চারজন গ্রেপ্তার আছেন। তাদের মধ্যে রয়েছে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
অপরদিকে, খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ বাকি ৩৪ আসামি এখনো আত্মসমর্পণ করেননি। ট্রাইব্যুনাল এই ৩৪ আসামিকে মামলার শুনানির জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।