মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে চালায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের প্রথম দিনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তিনি এই মামলার ১৫তম সাক্ষী হিসেবে আংশিক জবানবন্দি দেন। বাকি অংশ আগামী রোববার দেওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, এই মামলায় রাষ্ট্রপক্ষ সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্য উপস্থাপন করেছে। বাকি সাক্ষ্য রোববার উপস্থাপন করবেন তদন্ত কর্মকর্তা।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, "তদন্ত কর্মকর্তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। এরপরে যদি আসামিপক্ষ সাক্ষ্য উপস্থাপন করতে চায়, তা করতে পারবে। সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক হবে। যুক্তিতর্কের পর মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে।"

এই মামলার আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে আছেন। বিচার প্রক্রিয়া অনুযায়ী এদিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।