আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরীকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তাঁদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে বলা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতের পাশাপাশি প্রসিকিউশনের পক্ষ থেকেও এই বিষয়টি উঠে আসে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, গতকাল মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছিল, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনা হয়। বিষয়টি ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন উভয়ের দৃষ্টিগোচর হয়। তবে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী এই রায় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তা ট্রাইব্যুনালের নজরে আসে।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, "গতকাল মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা ও সমালোচনা হয়েছে। এটা ট্রাইব্যুনালের দৃষ্টিতে এসেছে। তাঁদেরও (প্রসিকিউশন) দৃষ্টিতে এসেছে। কিন্তু সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী এই রায় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আরও অনেকেই দিয়েছেন। এর মধ্যে তাঁরা (প্রসিকিউশন) এই দুজনের স্ট্যাটাস ট্রাইব্যুনালের নজরে এনেছেন।"

তিনি আরও বলেন, "এই দুজন আইনজীবী। তাঁরা আইন জানেন। একটি রায়ের বিরুদ্ধে কোন কথা বলা যায়, একটি আদালতের বিরুদ্ধে কোন কথা বলা যায় বা যায় না, তা তাঁরা জানেন। ট্রাইব্যুনাল শুনানি শেষে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে প্রসিকিউশনের আবেদনটি প্রাথমিকভাব গ্রহণ করেছেন। ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এই দুই আইনজীবীকে সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।"