জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি জানান, মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়েছে রাষ্ট্রপক্ষ এবং আগামী ৩০ দিনের মধ্যে আপিল করা হবে।
চলতি বছরের ৩০ জুন ট্রাইব্যুনাল-২ এই মামলায় রায় ঘোষণা করেছিল। মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ ছিল, যার মধ্যে তিনটি প্রমাণিত হয়। প্রতিটি অভিযোগে ১০ বছর করে সাজা হলেও তা যুগপৎ চলবে, ফলে মোট সাজা ১০ বছর নির্ধারণ করা হয়। রায়ের সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বিষয়টি ব্যাখ্যা করেন।
ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, "আমরা দু-তিন দিন আগে এই মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়েছি। আমরা যথাসময়ে আপিল করব।"
আপিল করার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ট্রাইব্যুনাল রায়ে সিদ্ধান্ত নিয়েছে যে ইনুর উপস্থিতিতে কোনো ফৌজদারি অপরাধ ঘটেনি। অথচ ওই মামলার একটি পর্যায়ে ইনু কারফিউকে সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন এবং তাঁকে শাস্তি দেওয়া হয়েছিল। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, "ট্রাইব্যুনাল রায়ে ইনুর উপস্থিতি কোনো ফৌজদারি অপরাধ (ক্রিমিনাল অফেন্স) ঘটেনি বলে একটা সিদ্ধান্ত দিয়েছেন। ওই মামলার রায়ের একটি পর্যায়ে ইনু কারফিউকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। এই কনফ্লিক্ট (সংঘাত) এবং তাঁর ক্রিমিনাল (ফৌজদারি অপরাধ) দায় সৃষ্টি হয়নি—এই মর্মে ট্রাইব্যুনাল যে বক্তব্য দিয়েছেন, এটা প্রসিকিউশনের দৃষ্টিতে যথার্থ ও আইনসংগত হয়নি। প্রসিকিউশন ট্রাইব্যুনালের ওই আদেশে সংক্ষুব্ধ হয়েছে। তাঁরা এর বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করবেন।"