ফেনীর ছাগলনাইয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই সামছুল করিমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারকৃতরা হলেন ছাগলনাইয়া উপজেলার পশ্চিম জয়পুর এলাকার মৃত হাসেম ভূঁইয়ার ছেলে রেজাউল করিম প্রকাশ মিয়া (৫০) এবং তার স্ত্রী আমেনা বেগম (৪০)। মামলার এজাহারে তারা যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ ছিলেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফেনী সদর থানাধীন ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী এই দুই আসামিকে আটক করা হয়।
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে ছাগলনাইয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামিরা ফেনী সদর এলাকায় আত্মগোপনে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার এজাহার অনুযায়ী, পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে সামছুল করিমের সঙ্গে তার ভাইদের দীর্ঘদিনের বিরোধ ছিল। গত বছরের ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে বসতঘরের সামনে পৈতৃক জমিতে গাছের পাতা কুড়ানো নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নুর করিম প্রকাশ সোহেল ও রেজাউল করিম প্রকাশ মিয়াসহ অন্যরা সামছুল করিমকে গালিগালাজ করে এবং ধারালো ছুরি, লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সামছুল করিমকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৪ নভেম্বর ভোরে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি-৭ এর অধিনায়ক মিজানুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।"