ফ্রান্সের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক ম্যাচের ঠিক আগেই দলটির জন্য চিন্তার কারণ তৈরি করেছে কিলিয়ান এমবাপ্পের স্বাস্থ্য। ফ্লু-জাতীয় উপসর্গের কারণে মঙ্গলবার দলের অনুশীলনে অংশ নিতে পারেননি ফরাসি অধিনায়ক।
ক্লেরফন্তেইনে অনুষ্ঠিত জিদানের অধীনে ফ্রান্সের দ্বিতীয় অনুশীলন সেশনে মাঠে নামলেও বাকি ২২ ফুটবলারের মধ্যে এমবাপ্পে ছিলেন অনুপস্থিত। অসুস্থতার কারণে দুপুরের খাবারেও তিনি দলের সঙ্গে যোগ দেননি। রিয়াল মাদ্রিদ তারকার এই অনুপস্থিত ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগ সৃষ্টি করলেও আপাতত তুরস্কের বিপক্ষে আসন্ন ম্যাচে তার খেলার বিষয়ে বড় কোনো শঙ্কা দেখা যাচ্ছে না।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, শুক্রবারের ম্যাচের আগেই এমবাপ্পে সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। অনুশীলনে জিদান ৪-৩-৩ ফর্মেশনে দলকে প্রস্তুত করছেন, যেখানে এমবাপ্পেকে আক্রমণের বাঁ প্রান্তে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
২৭ বছর বয়সী এমবাপ্পে এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে ১০৬ ম্যাচে ৬৬ গোল করেছেন। নতুন কোচের অধীনেও অধিনায়ক হিসেবে তাকেই রেখে দিয়েছেন জিদান। গত জুলাইয়ে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফ্রান্সের দায়িত্ব নেন জিদান। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশন্স লিগ ম্যাচটি হবে তার প্রথম পরীক্ষা। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মাঠে খেলবে ফ্রান্স, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবার বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।