জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ছেলেদের কাবাডি গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে লাল-সবুজের এই প্রথম বিজয়।

ম্যাচের শুরু থেকেই তীব্র প্রতিযোগিতা চলতে থাকে। প্রথমার্ধ শেষে এক পয়েন্টের ব্যবধানে ১৭-১৬ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর দ্বিতীয়ার্ধে তারা আরও আক্রমণাত্মক খেলায় নামলে ব্যবধান বাড়তে থাকে। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া ১৯ পয়েন্ট পেলেও বাংলাদেশ নেয় ২২ পয়েন্ট, যা চূড়ান্ত চার পয়েন্টের জয়ে সহায়তা করে।

বাংলাদেশের জয়ের অন্যতম প্রধান কারণ ছিল প্রতিপক্ষকে দুইবার অলআউট করা, যা থেকে তারা ৪ পয়েন্ট লাভ করে। বিপরীতে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে একবার অলআউট করে ২ পয়েন্ট পায়। সুপার ট্যাকল থেকে উভয় দলই সমান ২ পয়েন্ট পেয়েছে।

এটি এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়। এর আগে গতকাল আটটি ইভেন্টে অংশ নিলেও কোনো জয় পাননি দেশের অ্যাথলেটরা। কাবাডিকে এবারের আসরে পদকের অন্যতম বড় আশা হিসেবে দেখা হচ্ছে। এশিয়ান গেমসের আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও কাবাডিকে পদকের সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোর একটি হিসেবে উল্লেখ করেছিল।

জয়ের পর বাংলাদেশের বিশ্রামের সময় খুব বেশি নেই। আজই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ভারত, জাপান ও চাইনিজ তাইপে রয়েছে।