এশিয়ান গেমসের পুরুষ কাবাডি প্রতিযোগিতায় টানা দুই জয়ের পর পদক জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে মনে করছিল বাংলাদেশ। তবে স্বাগতিক জাপানের কাছে হারের পর সেই সমীকরণটি এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। লাল-সবুজের দল যদি জাপানকে হারাতে পারত, তাহলে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করার সুযোগ পেতো। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৪০-৩৭ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ।
নাগোয়ার তোকাই সিটিজেনস জিমনেসিয়ামে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশি খেলোয়াড়রা। প্রথমার্ধে একটি লোনাসহ জাপান এগিয়ে যায় ২২-১৫ পয়েন্টে। সাত পয়েন্টের পিছিয়ে থাকতে হয় বিরতিতে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে বাংলাদেশ। একপর্যায়ে জাপানকে অলআউট করে ব্যবধান কমিয়ে আনে তারা। ম্যাচের শেষ দিকে ব্যবধান নেমে আসে মাত্র এক পয়েন্টে। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে রেইড ও ট্যাকেলে ভুলের সুযোগ নিয়ে আবার ব্যবধান বাড়ায় জাপান। শেষ পর্যন্ত তিন পয়েন্টের হার নিয়ে কোর্ট ছাড়তে হয় বাংলাদেশকে।
এর আগে গ্রুপ পর্বে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ২০১৮ এশিয়ান গেমসের রৌপ্যজয়ী দক্ষিণ কোরিাকে ৩৯-৩৫ পয়েন্টে হারানোর পর চাইনিজ তাইপের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪৮-৪৭ ব্যবধানে জয় পায় তারা। প্রথম দুই ম্যাচের দুই জয়েই ২০ বছর পর এশিয়ান গেমসের পুরুষ কাবাডি থেকে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। জাপানকে হারালেই সেই অপেক্ষার অবসান নিশ্চিত হয়ে যেত। কারণ দুই গ্রুপের সেরা দুটি করে দল সেমিফাইনালে ওঠে এবং কাবাডিতে দুই সেমিফাইনালিস্টই ব্রোঞ্জ পায়। বাংলাদেশ সর্বশেষ এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে পদক জিতেছিল ২০০৬ সালের দোহায়।
এখন গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বুধবারের সেই ম্যাচের ফলের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। একাধিক দলের জয়সংখ্যা সমান হয়ে গেলে পয়েন্ট ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।