জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে অবশেষে জয়ের খবর পেল বাংলাদেশ। আগের দিন আটটি ম্যাচে অংশ নিয়েও কোনোটিতেই জয় পাননি দেশের অ্যাথলেটরা। তবে আজ ছেলেদের কাবাডি গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩৯–৩৫ পয়েন্টে জয়ী হয়েছে বাংলাদেশ।
জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে শুরু থেকেই দুই দলের লড়াই ছিল বেশ তীব্র। প্রথমার্ধে ১৭–১৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ এবং বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করে বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ২২–১৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে তারা। দুই অর্ধ মিলিয়ে মোট ৩৯–৩৫ পয়েন্ট ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে ‘অলআউট’। দক্ষিণ কোরিয়াকে দুবার অলআউট করে ৪ পয়েন্ট পায় বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশকে একবার অলআউট করে দক্ষিণ কোরিয়া পায় ২ পয়েন্ট। রক্ষণেও দুই দল ছিল সমানে সমান। উভয় দলই একটি করে সফল ‘সুপার ট্যাকল’ থেকে ২ পয়েন্ট করে পেয়েছে।
ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা দুটি গ্রিন কার্ড দেখেছেন। কোনো হলুদ বা লাল কার্ড দেখেননি কেউ।
আজই নিজেদের দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।