এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক জাপানের যাত্রা শেষ হয়ে গেছে। নেপালের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ আটে জায়গা করে নিয়েছে আফগানিস্তান।
শনিবার নিশিনের কোরোগি পার্কে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে ১৫ ওভারে নামিয়ে আনা হয়। আগে ব্যাট করে নেপাল ৪ উইকেটে ১৪৯ রান তোলে। জাপানের লক্ষ্য ছিল ১৫০ রান। তবে নেপালের ইনিংস শেষ হওয়ার পর আবার বৃষ্টি নামলে মাঠে নামতে পারেনি জাপান। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
নেপালের এই সংগ্রহের ভিত গড়েন সন্দীপ জোরা ও লোকেশ বাম। সন্দীপ জোরা ৩২ বলে অপরাজিত ৫৭ এবং লোকেশ বাম মাত্র ২২ বলে অপরাজিত ৫২ রান করেন। ১০ ওভার শেষে নেপালের স্কোর ছিল ৪ উইকেটে ৮৪। শেষ পাঁচ ওভারে অবিচ্ছিন্ন জুটিতে দ্রুত রান তুলে দলকে ১৪৯ পর্যন্ত নিয়ে যান তারা।
বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল। প্রথম ম্যাচে আফগানদের কাছে ৪৮ রানে হেরে যাওয়া জাপান এক পয়েন্ট নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
কোয়ার্টার ফাইনালে নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আর গ্রুপের দ্বিতীয় হওয়ায় আফগানিস্তান খেলবে ভারতের বিপক্ষে।