এশিয়ান গেমস ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। বৃষ্টির কারণে ওমান ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে উঠে আসে মালয়েশিয়া এবং সেখানেই তাদের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

শনিবার নিশিনে ‘বি’ গ্রুপের শেষ পর্বের ম্যাচে ওমানের জয়লাভ করা প্রয়োজন ছিল। তবে টানা বৃষ্টির কারণে টসও সম্পন্ন হতে পারেনি। অবশেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলে দুই দলই একটি করে পয়েন্ট পায়। এই ফলাফলের মাধ্যমে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানে থাকে মালয়েশিয়া। অন্যদিকে, দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে হংকং, চায়না। মাত্র এক পয়েন্ট পেয়ে এশিয়ান গেমস থেকে বিদায় নেয় ওমান।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনে জায়গা পেয়েছিল। গ্রুপপর্ব শেষ হওয়ায় বাংলাদেশের সামনে এসেছে মালয়েশিয়া। এই প্রতিপক্ষ বাংলাদেশের জন্য নতুন নয়; দুই দলের একমাত্র আন্তর্জাতিক সাক্ষাৎ হয়েছিল ২০২৩ হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে। সেবার মাত্র ২ রানের ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

এবারও শেষ আটেই মুখোমুখি হবে দুই দল। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

অন্যদিকে, সোমবার ভোর ৬টায় পাকিস্তান খেলবে হংকং, চায়নার বিপক্ষে। একই দিন সকাল ১১টায় ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। মঙ্গলবার ভোর ৬টায় নেপাল মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

এর আগে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। তাতে স্বাগতিক জাপান বাদ পড়ে, নেপাল গ্রুপসেরা এবং আফগানিস্তান দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার-ফাইনে ওঠে।