ভারতীয় দলের সরে যাওয়ার পর ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ। এবার নতুন এই মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় লাল-সবুজ বাহিনী। মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে তিনটি গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অভিযান শুরু হবে মালয়েশিয়ার মুখোমুখি হয়ে।
সিএনএন ইন্দোনেশিয়ার প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ সিঙ্গাপুর। ২৮ সেপ্টেম্বর একই মাঠে সেই ম্যাচও শুরু হবে বিকেল ৩টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপেক্ষা করছে স্বাগতিক ইন্দোনেশিয়া। ১ অক্টোবরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। অর্থাৎ গ্রুপের তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
আট দলের প্রিমিয়ার ডিভিশনের অন্য গ্রুপে আছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। ফলে শিরোপার লড়াইয়ে জায়গা পেতে বাংলাদেশকে নিজেদের গ্রুপে সবার ওপরে থাকতে হবে।
প্রতিযোগিতাটি হবে দুটি ডিভিশনে। আট দলের প্রিমিয়ার ডিভিশন আয়োজন করবে ইন্দোনেশিয়া, আর ছয় দলের চ্যালেঞ্জ ডিভিশনের খেলা হবে হংকংয়ে।