জাপানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৫ ওভারের ম্যাচে ৩৩ রানের লক্ষ্য দিয়েও ২ রানে জিতেছে ভারত ক্রিকেট দল। ৩৩ রানের লক্ষ্যে ছুঁতে নেমে জাপান ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৩০ রান। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এটা ভারতের ২০০তম জয়, এই প্রথম কোনো দল ২০০টি ম্যাচ জিতেছে।

জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ নেমে আসে ৫ ওভারে।

এই ম্যাচে প্রথম বল থেকেই উইকেটে স্পিনাররা বড় টার্ন পেয়েছে। ম্যাচের পুরো ১০ ওভারই করেছেন স্পিনাররাই। আউটফিল্ডও ধীরগতির। সে কারণেই ভারতের ৩২ রানও জাপানের সামনে বড়ই মনে হচ্ছিল।

তবে ভারতের বোলিং ইনিংসের তৃতীয় ওভারে রবি বিষ্ণোই ১০ রান খরচ করার পর জাপান আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। শেষ ২ ওভারে দলটির দরকার ছিল ১৬ রান। একটা পর্যায়ে সেটা নেমে আসে ৮ বলে ৮ রানে। তবে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেলের সামনে সেটাও নিতে পারেনি জাপান।

এর আগে বল হাতে জাপান যেটা করেছে, সেটাও হয়তো কেউই ভাবেনি। ইনিংসের প্রথম বল থেকে জাপানের বোলাররা ভালো বোলিং করেছেন। জাপানের অধিনায়ক কেনডেল কাদাওয়াকি-ফ্লেমিং যে তিন বোলার ব্যবহার, তিনজনই ছিলেন স্পিনার। এই স্পিনারদের সামনেই ধাক্কা খেয়েছে ভারত।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টুয়েন্টিতে ৩০ বলে সেঞ্চুরি করা অভিষেক আউট হয়েছেন প্রথম বলে, চার্লি হারা হিঞ্জের বলে। সর্বশেষ দুই টি-টুয়েন্টিতে ফিফটি পাওয়া সঞ্জু স্যামসন আউট হয়েছেন ৭ বলে ৯ রান করে। তিনি আউট হয়েছেন ইব্রাহিম তাকাহাসির বলে। ভারত যে ৩২ রান করতে পেরেছে সেটা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ১২ বলে ১৬ রানের ইনিংসে।

ম্যাচ হারলেও জাপান অবশ্য বাহবা পেতে পারে। আইসিসি টি–টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে জাপান আছে ৪১ নম্বর, ভারত দুইয়ে। ভারত এই সংস্করণে টানা দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। প্রথমবার ভারতের বিপক্ষে খেলতে নেমেই জাপান থ্রিলার ম্যাচ উপহার দিয়েছে।

মূলত ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই ম্যাচটি। এর লক্ষ্য খেলাধুলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এবং মানুষে মানুষে যোগাযোগ আরও শক্তিশালী করা। এই ম্যাচের মাধ্যমে জাপানের কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে পেরেছে ভারত।

এশিয়ান গেমসের বর্তমান আসর (২০তম) হচ্ছে জাপানে। গেমসে ক্রিকেট শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠায় গ্রুপ পর্বে খেলতে হচ্ছে না। ভারত কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ২৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।