জাপানের নাগোয়ায় অবস্থিত বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী এই কারখানায় তাঁর সফর কার্যক্রম শুরু করেন। পরিদর্শনকালে তিনি কারখানায় গাড়ি সংযোজনের আধুনিক ও জটিল প্রক্রিয়াগুলো অত্যন্ত কাছ থেকে ঘুরে দেখেন এবং এর কারিগরি দিকগুলো পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিশেষ পরিদর্শনে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার শিনিচিরো ওতসুকাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান। এছাড়া প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী এই পরিদর্শনে অংশ নেন।