একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের সময়সীমা শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, মাইগ্রেশনের ভিত্তিতে নতুন ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এই ফল প্রকাশিত হবে।

গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষে গত বুধবার প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই তালিকায় মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হন। মনোনয়ন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে বলা হয়েছিল। সেই সময়সীমা গতকাল শুক্রবার সমাপ্ত হয়। এরপর শিক্ষার্থীদের আবেদন করা কলেজগুলোর পছন্দক্রম ও মাইগ্রেশনের ভিত্তিতে আজ রাতে নতুন ফল প্রকাশ করা হবে।

মাইগ্রেশনের ফল প্রকাশের পর আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে এই ফল জানতে পারবেন। একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এবং আবেদনে যোগাযোগের জন্য নির্ধারিত মোবাইল নম্বরের মেসেজ বা খুদে বার্তার মাধ্যমে তারা ফলের খবর জানতে পারবেন।