একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশিত হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
বোর্ড সূত্র জানায়, একাদশে ভর্তি আবেদনের শেষ সময় ছিল গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা। ঐ সময়সীমার মধ্যে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছেন। এই আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিতদের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে।
গত ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছিলেন।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশিত হবে।
ভর্তি কার্যক্রম আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।