একাদশ শ্রেণিতে ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। এই ধাপে আবেদন গ্রহণ চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ১ অক্টোবর প্রকাশ করা হবে।

এই ধাপে তিন শ্রেণির শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবেন। প্রথমত, যারা আগে কোনো আবেদন করেনি অথবা আবেদন করলেও কোনো কলেজে নির্বাচিত হয়নি। দ্বিতীয়ত, যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও তা নিশ্চায়ন করতে পারেনি বা নির্ধারিত সময়ে ভর্তি হতে ব্যর্থ হয়েছে। তৃতীয়ত, যারা ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন সত্ত্বেও ভর্তি হতে পারেনি।

আগের ধাপের মতো এবারও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন। দ্বিতীয় ধাপে কলেজ থেকে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে মনোনয়ন নিশ্চায়ন করতে হবে। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত এ ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।