২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নতুন করে ক্লাস কার্যক্রম শুরু হবে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি ঘোষণা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। এই পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।’
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, আবেদন করলেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থীও নির্বাচনে পরে গেছেন। বুধবার রাতে এই ফলাফল প্রকাশ করা হয়। দেশে একাদশ শ্রেণির জন্য কলেজ ও মাদ্রাসা মিলিয়ে মোট ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এবার বিপুলসংখ্যক আসন খালি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।