মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মাইগ্রেশন প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এই ফল প্রকাশ করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে এ তথ্য জানান।
গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষে গত বুধবার প্রথম ধাপের ফল প্রকাশিত হলে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হন। মনোনয়ন পাওয়ার পর শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছিল। সেই সময়সীমা গতকাল শুক্রবার শেষ হয়েছে। এরপর শিক্ষার্থীদের আবেদন করা কলেজগুলোর পছন্দক্রম ও মাইগ্রেশনের ভিত্তিতে আজ রাতে নতুন ফল প্রকাশ করা হয়েছে।
মাইগ্রেশনের ফল প্রকাশের পর আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে এই ফল জানতে পারবেন। একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd/ -এ এবং আবেদনে যোগাযোগের জন্য নির্ধারিত মোবাইল নম্বরের মেসেজ বা খুদে বার্তার মাধ্যমে জানা যাবে।