মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই অভিযানে আটক করা হয় ৬০ বছর বয়সী মো. জাহাঙ্গীর আলম তৈয়বকে। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সুনলা গ্রামের মৃত কাছেদ শেখের ছেলে।

জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শত্রুজিৎপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী গ্রামের বারইখালী জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইলগামী পাকা সড়কের ওপর জাহাঙ্গীর আলম ইয়াবা বিক্রির চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভংকর রায়ের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনেই তার দেহ তল্লাশি করে পরনে থাকা সাদা পাঞ্জাবির ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনের ১০টি জিপারে রাখা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

মাগুরা জেলার এএসপি (ক্রাইম) থান্দার খায়রুল ইসলাম বলেন, "জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"