বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক কারবারির বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের বড়ুয়া পাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই ইয়াবা নিয়ে আসা কামাল হোসেন (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে তল্লাশিকালে আরেক সঙ্গী মানিক (২২) কৌশলে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড়ুয়া পাড়া চার রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অটোরিকশার দুটি কার্টনে মোট ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটক কামাল হোসেন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকার মো. ইসলামের ছেলে। অন্যদিকে পালিয়ে যাওয়া মানিক একই ইউনিয়নের পাহাড়পাড়া এলাকার জাহিদ আলমের ছেলে। তল্লাশিকালে অটোরিকশায় থাকা অবস্থায় মানিক কৌশলে লাফ দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসি মো. মোজাম্মেল হক বলেন, জব্দকৃত ইয়াবা ও অটোরিকশাসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।