বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটার দোকানের সামনে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার জসিন উদ্দিন (৪২) ও মোশাররফ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় তল্লাশি চালায়। এসময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে ৬ কার্ড ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার পরিমাণ আনুমানিক ৬০ হাজার পিস। তবে উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আটক দুই ব্যক্তি, জব্দ করা অটোরিকশা ও ইয়াবা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।"