বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. নাসিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে এন এ জাকির নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

সভাপতি পদে মো. নাসিরুল আলম ও অধ্যাপক মো. ওসমান গনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দুই ভোটের ব্যবধানে জয়ী হন নাসিরুল আলম। সহসভাপতি পদে এম এ হাকিম চৌধুরী, মিনারুল হক, মোহাম্মদ মোজাম্মেল হক ও মো. হোসাইন সম্রাট প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ মোজাম্মেল হক।

সাধারণ সম্পাদক পদে এন এ জাকির ও টিংশৈপ্রু মংটিং মারমা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন এন এ জাকির। যুগ্ম সম্পাদক পদে রিজভী রাহাত ও মোহাম্মদ আলীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন তরুণ সাংবাদিক রিজভী রাহাত। কোষাধ্যক্ষ পদে কৌশিক দাশ গুপ্ত ও মো. ইসহাক প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন মো. ইসহাক।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি মো. নাসিরুল আলম বলেন, আমি মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে সম্মানিত করেছেন। এটি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিশাল প্রাপ্তি।

নবনির্বাচিত সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সহকর্মী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত রিজভী রাহাত বলেন, উদীয়মান অনেক সাংবাদিক আছেন। আমরা তাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।