মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদক বিক্রির সময় বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দীঘা ইউনিয়নের সিন্দাইন গ্রামে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৪ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—সিন্দাইন গ্রামের আইন উদ্দিনের ছেলে হাসমত মোল্যা (৪৩) এবং তার ছেলে রকিবুল ইসলাম (২৩)। ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে সিন্দাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত হাসমতের চায়ের দোকানের পাশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহিদ হোসেনের নেতৃত্বে এসআই রাজ ও এএসআই সুজন আলীসহ একটি টিম অভিযান পরিচালনা করে। তল্লাশি শেষে হাসমত মোল্যার নিকট থেকে ২৪ গ্রাম গাঁজা এবং রকিবুল ইসলামের নিকট থেকে ছয় পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, "আটক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা দেওয়া হয়েছে। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।"