মাগুরার শ্রীপুর উপজেলায় পুলিশের অভিযানে জুয়ার আসর ভাঙচুর করা হয়েছে। এ সময় জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। তবে পুলিশের হানা টের পেয়ে দোকানমালিক ও জুয়ার মূলহোতা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমলসার গ্রামের একটি দোকানে এই অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসে থাকত। বিষয়টি পুলিশের নজরে আসলে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন— আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩), মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাহজাহান মোল্লা (৫০), বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস পুলিশের উপস্থিতি লক্ষ্য করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, "জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মাগুরা আদালতে পাঠানো হয়েছে।"