কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইমন আলী (৩৫)। তিনি কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া এলাকার বাসিন্দা। জানা যায়, যাত্রাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।"
মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।