চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২৫টি মামলার আসামি মো. সুমন প্রধান (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক। তিনি জানান, ৩টি সাজা জিআর পরোয়ানা ও একটি জিআর পরোয়ানামূলে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ২৫টি মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. সুমন প্রধান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মো. এবাদুল্লাহ প্রধানের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ‘মাদক সম্রাট’ সুমন প্রধানকে উপজেলার চাপাতলী এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। সুমন প্রধান দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত, যার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।

ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, "কিশোর গ্যাং, মাদক ও অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"