জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সার বহনকারী ভ্যানচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা এতে অংশ নেন। অভিযানের সময় একটি ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে সেখান থেকে ২৩ বস্তা সার উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভ্যানচালক পালিয়ে যেতে সক্ষম হয়।

উদ্ধারকৃত সারগুলো পরে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত সারগুলো সরকারি নাকি বেসরকারি এবং কোথা থেকে আনা হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে উপজেলা প্রশাসন।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও মুরাদ হোসেন। তিনি বলেন, "সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"