জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করে ছাত্রদল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় রয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয় থেকে এই পাঁচজনকে আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর একটি বিশেষ দল শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে সুজাত মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযান চলাকালীন বিভিন্ন ব্র্যান্ডের মোট ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।

গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। তিনি বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করছি। আজকের মধ্যেই সাংগঠনিক ব্যবস্থা নেব।”

অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে জামালপুর জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সতর্ক করে বলেন, “মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”

মাদক নির্মূলে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করে পুলিশ সুপার মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।