বাড়ির উঠানে পাশাপাশি শোয়ানো দুটি নিথর দেহ চাদরে ঢাকা। চারপাশে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আহাজারি করছেন। একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না শোকসন্তপ্ত স্বজনরা।
আজ শনিবার ভোর ছয়টার দিকে নিজেদের বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন উফেজা বেগম (৬৫) এবং তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। ঠিক সেই মুহূর্তেই ঢাকা থেকে কুড়িগ্রামের রৌমারীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর উঠে যায়। বাসের প্রচণ্ড চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া এলাকায় বকশীগঞ্জ-রৌমারী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসচালক সারা রাত গাড়ি চালিয়ে আসায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। ফলে ফাঁকা সড়ক হওয়া সত্ত্বেও তিনি বাসের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন এবং এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনা ঘটেছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসচালকের সহকারী মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’