জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে সারগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। তল্লাশির সময় অটোরিকশা থেকে ১৫ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। সারের উৎস ও পরিবহনের বৈধ কাগজপত্র চাইলে অটোরিকশাচালক মো. মিল্লাত হোসেন কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি। পরে তিনি জানান, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় যাত্রী নিয়ে যাওয়ার পর তাহের নামে এক সার ব্যবসায়ী তাকে ভাড়া করেন। গোপালপুর বাজারে সার পৌঁছে দেওয়ার জন্য তাকে ৭০০ টাকা দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, "যেহেতু সারগুলো অবৈধভাবে বকশীগঞ্জে আনা হয়েছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।"

জব্দকৃত সারগুলো বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।