জামালপুরের বকশীগঞ্জে লোকালয়ে ঢুকে পড়া একটি শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ পৌরসভার ধুমালীপাড়া ও মেষেরচর গ্রামে এই আতঙ্কজনক ঘটনাটি ঘটে।

আহত হওয়া ৯ জনের মধ্যে ৭ জনই ধুমালীপাড়া গ্রামের বাসিন্দা। তাদের পরিচয় পাওয়া গেছে— আসাদুল (৪০), তার ৭ বছর বয়সী কন্যা মনিরা, হারুন মিয়া (৫০), নূরেদা (৩৫), ছামিউল হক, তার সন্তান আবু হুরায়রা এবং আব্দুল মান্নান। এছাড়া পার্শ্ববর্তী মেষেরচর গ্রামের শিশু রাব্বি হাসান (৬) ও ফরিদা (২০) শিয়ালের কামড়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে ধুমালীপাড়া গ্রামের আসাদুলের বাড়ির আঙিনায় হঠাৎ একটি শিয়াল ঢুকে পড়ে। সেখানে আসাদুল ও তার মেয়ে মনিরাকে কামড়ে আহত করে শিয়ালটি। এরপর সেটি লোকালয়ে প্রবেশ করে এবং আশপাশের সড়কে চলাচলের সময় আরও বেশ কয়েকজনকে কামড় দেয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম জানান, “শিয়ালের আক্রমণে আহত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে তাদের সুরক্ষামূলক প্রতিষেধক (ভ্যাকসিন) প্রদান করা হয়েছে।”