জামালপুরের বকশীগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ প্রাণ হারিয়েছেন। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ঘটনাকারী বাসটি জব্দ করেছে এবং ওই বাসের হেলপারকে আটক করেছে।
নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা উফেজা বেগম (৬৫) এবং তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে বাসটি যখন ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করছিল, তখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে তারা দুজনেই ঘটনাস্থলেইত মৃত্যু বরণ করেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত একত্রিত হয়ে বাসটি এবং এর হেলপার মহিনউদ্দিনকে আটক করেন। এরপর তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
ঘটনা প্রসঙ্গে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “দুর্ঘটনার ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”