জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলবাড়ি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলাল মিয়া ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাল মিয়া সপরিবারে রাজধানী ঢাকায় বসবাস করতেন এবং সেখানে রিকশা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার দুপুরের পর তিনি ঢাকা থেকে একা গ্রামের বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার সারা দিন পার হয়ে সন্ধ্যা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় তার ফুফু তুহুরার (৬০) মনে সন্দেহ জাগে। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ফুফু জানালার কিছু অংশ ভেঙে ভেতরে উঁকি দিয়ে দেখেন যে, আলালের দেহ ঘরের চালের সঙ্গে ঝুলছে। তার চিৎকারে দ্রুত আশপাশের স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন।
ঘটনার খবর পেয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বকশীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
আলালের প্রতিবেশী খশরু জানান, আলাল মিয়া চরম আর্থিক সংকটে ভুগছিলেন এবং তিনি বেশ ঋণগ্রস্ত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরেছিলেন। অভাব-অনটনের কারণে নিজের কোনো জমি না থাকায় অন্যের জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”