রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে কৃষি সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ৩২০ বস্তা সার জব্দ করেছে। এ সময় অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের নেতৃত্বে যৌথ টিমটি এ সময় বালাইনাশক বিক্রেতা মো. সাইদুল রহমানের দোকান ও গোডাউনে তল্লাশি চালায়।

তল্লাশির সময় সেখানে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সহ মোট ৩২০ বস্তা সার মজুত রাখা থাকলে তা জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী মো. সাইদুল রহমান (৩৮) রাজশাহীর দুর্গাপুর উপজেলার আড়ইল পূর্বপাড়া গ্রামের মৃত ফছির উদ্দীনের ছেলে। তিনি অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান।

প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত সারগুলো বর্তমানে উপজেলা প্রশাসনের কাছে রয়েছে। অবৈধভাবে সার মজুতের অভিযোগে সাইদুল রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, কৃষকদের জন্য নির্ধারিত সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট বা অবৈধ মজুত ঠেকাতে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের মাধ্যমে সার বিক্রি ও মজুতের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া কৃষি মৌসুমে সারের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।