পাখি পোষার প্রতি ছোটবেলার এক গভীর অনুরাগ ছিল মোহাম্মদ আলীর। গত দুই বছরে সেই শখকেই তিনি রূপ দিয়েছেন একটি ছোট খামারে। তবে তাঁর জীবন কেবল শখের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা এক কঠিন জীবনযুদ্ধের গল্প। প্রতিদিন সকালে পাখিদের খাবার দেওয়ার পর তিনি দ্রুত বেরিয়ে যান বাজারে। আড়ত থেকে মাছ কিনে খুচরা বাজারে তা বিক্রি করেন তিনি। দীর্ঘ আট বছর ধরে মাছের ব্যবসার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) শেষ করেছেন আলী। তাঁর লক্ষ্য এখন শিক্ষকতা। সরকারি কিংবা বেসরকারি—যেকোনো প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। মফস্বলের এক অসচ্ছল পরিবারের সন্তান হয়েও সেই লক্ষ্য অর্জনে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাড়িয়া গ্রামে মোহাম্মদ আলীর বাড়ি। গত ২৬ অক্টোবর বানেশ্বর বাজারের মাছহাটে তাঁর সঙ্গে কথা হয়। ক্রেতাদের সঙ্গে দরদাম এবং কেনাবেচার ব্যস্ততার মাঝে তিনি জানান, সেদিন দুটি আড়ত থেকে মোট ১৩ হাজার টাকার মাছ কিনেছিলেন তিনি। দুপুরের মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়। ৫০০ টাকা খাজনা দেওয়ার পর সেদিন তাঁর নিট আয় দাঁড়িয়েছিল প্রায় দেড় হাজার টাকা। তবে শুক্রবার তাঁর ব্যবসার সবচেয়ে ব্যস্ত দিন। গত শুক্রবার তিনি ২২ হাজার টাকার মাছ কেনাবেচা করেছেন।

এই ব্যবসার মূল ভিত্তি গড়েছিলেন তাঁর বাবা ইদ্রিস আলী (৬৫)। এইচএসসি পড়ার সময় থেকেই মোহাম্মদ আলী এই ব্যবসার হাল ধরেছেন। বর্তমানে তাঁর বাবা পাশে থেকে তাঁকে সাহায্য করেন এবং ক্রেতাদের কাছ থেকে বাকি টাকা আদায়ের কাজ করেন। বাবার এই সহযোগিতার কারণেই তিনি ১৮ কিলোমিটার দূরে রাজশাহী শহরের কলেজে গিয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিয়ে আসতে পেরেছেন।

বানেশ্বর বাজারের সরকার সাইন মার্কেটে মোহাম্মদ আলীর একটি ছোট ঘর রয়েছে। বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ না থাকায় তিনি সেখানেই তাঁর বইপত্র রাখেন এবং পড়াশোনা করেন। মার্কেটের দেখাশোনা করার কারণে মালিক তাঁর কাছ থেকে ঘরের ভাড়া নেন না। তাঁর তিন বোনের বিয়ে হয়ে গেছে। তাঁদের সংসারও বেশ অসচ্ছল, তাই অসুখ-বিসুখে মোহাম্মদ আলীকেই তাঁদের পাশে দাঁড়াতে হয়। কিছুদিন আগে তাঁর মেজ বোনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হয়েছিল তাঁকে।

মাড়িয়া গ্রামে তাঁদের একটি আধা পাকা বাড়ি রয়েছে। টিনের চালার একটি ঘরে সাজানো তাঁর পাখির খাঁচা। বর্তমানে খামারে ৪০টি খাঁচায় পাখি রয়েছে। এর মধ্যে তিনটি গ্রে ককাটেল এবং দুটি গ্রিন ফিশার্স লাভবার্ডের বাচ্চা এখন বিক্রির উপযোগী। অনলাইনে এবং বগুড়ায় এক আত্মীয়র মাধ্যমে তিনি পাখি কেনাবেচা করেন। এই পাঁচটি বাচ্চা বিক্রি করে তিনি ৪ হাজার ৯০০ টাকা পাওয়ার আশা করছেন।

অন্যদিকে, বিদেশের স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হয়েছিলেন মায়িশা মাহজাবিন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা মায়িশা বর্তমানে শহরের তেরোখাদিয়ায় অবস্থান করছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙ্গুয়েজেস’ বিষয়ে ভর্তি হন। ২০২৫ সালে স্নাতকোত্তর শেষ করে সে বছরের জুনে তিনি আইএলটিএস পরীক্ষা দেন এবং বেশ ভালো স্কোর করেন। তাঁর লক্ষ্য ছিল অস্ট্রেলিয়া, যেখানে তাঁর এক চাচা স্থায়ীভাবে বসবাস করছেন।

মায়িশা বলেন, “শুধু চাচাকে দেখে নয়; দেশের যে পরিস্থিতি, মাঝেমধ্যে এমন সব ঘটনা ঘটে যে মনে হয়, কেন এই দেশে আছি। আমার সমসাময়িক অনেকেই বাইরে যাওয়ার চেষ্টা করছেন, চলে যাচ্ছেন। মূলত এ কারণেই বাইরে যাওয়ার ইচ্ছা ছিল।”

অস্ট্রেলিয়া পছন্দ করার কারণ ব্যাখ্যা করে মায়িশা বলেন, “আমার পড়ার বিষয়ের কারণে অস্ট্রেলিয়া পছন্দ ছিল। সেখানে পড়াশোনার পাশাপাশি এই বিষয়ে ভালো চাকরির সুযোগ আছে। কিন্তু তখন অস্ট্রেলিয়ায় যেতে যে আর্থিক সংগতি দরকার, তা আমার পরিবারের ছিল না। অন্য কোনো দেশ বেছে নিতে পারতাম, কিন্তু সেসব দেশেও কোথাও কোথাও অস্থিরতা ছিল।”

আর্থিক সীমাবদ্ধতার কারণে অস্ট্রেলিয়ায় যাওয়া সম্ভব হয়নি। এখন মায়িশা নতুন করে স্বপ্ন বুনছেন। তিনি বলেন, “এখন ভাবছি, পরিবারের সিদ্ধান্ত মেনে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিই। পরে সুযোগ হলে বাইরে যাওয়ার চেষ্টা করব।”

মায়িশার বিপরীত পথে হাঁটছেন ইশতিয়াক ফারুকী। পরিবারের চাপে তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। গোদাগাড়ীর প্রসাদপাড়া গ্রামের বাসিন্দা ইশতিয়াক ২০২৪ সালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) এবং পরের বছর মাস্টার্স অব এডুকেশন (এমএড) শেষ করেছেন। স্নাতক শেষ করার পর তিনি স্থানীয় একটি ডেভেলপার কোম্পানিতে কাজ শুরু করেন। তাঁর স্বপ্ন ছিল দেশে চাকরি করেই স্বাবলম্বী হওয়া।

তবে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁর পরিবার চাইছে তিনি যেন যেকোনো কাজ নিয়ে বিদেশে চলে যান, যাতে অন্তত ভালো থাকতে পারেন। পরিবারের ইচ্ছায় ইশতিয়াক এখন গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন, যাতে বিদেশে চালকের কাজ পেতে পারেন। কোন দেশে বা কার মাধ্যমে যাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি; পরিবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আদৌ যেতে পারবেন কি না, তা নিয়ে ইশতিয়াক নিজেও অনিশ্চিত।

শিক্ষকতার ডিগ্রি নিয়ে ইশতিয়াক যখন বিদেশে গাড়ি চালানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন মাছের হাটে বসে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আলী। কেউ দেশে থেকে লড়াই করছেন, কেউবা দেশ ছাড়ার পথ খুঁজছেন। কারও স্বপ্ন বদলেছে পরিবারের সিদ্ধান্তে, আবার কারও টাকার অভাবে। তবে কেউ থেমে নেই। প্রতিদিন সকালে পাখিদের খাবার দিয়ে মোহাম্মদ আলী যথারীতি মাছের হাটে যান এবং সময় পেলে মার্কেটের সেই ছোট ঘরে বই নিয়ে পড়াশোনায় ডুবে যান।