রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চিকিৎসক ও নার্সের অভাবে একটি ক্লিনিকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ফাতেমা ক্লিনিক এবং নিরাময় ক্লিনিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, রিজিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কোনো চিকিৎসক বা নার্স না পাওয়ায় সেখানকার কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরেরও ব্যবস্থা করা হয়, যাতে তাদের চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলসহ স্বাস্থ্যসেবার মৌলিক শর্তসমূহ পূরণ হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতেই এসব অভিযান চালানো হচ্ছে।
এ সময় অভিযানে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, "অনুমোদনহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনো প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"