তালের সিজনে মিষ্টির পাশাপাশি ভিন্ন স্বাদে তৈরি করা যায় প্যানকেক। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব এই মুখরোচক খাবারটি। নিচে বিস্তারিত রেসিপি দেওয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ:
১ কাপ পাকা তালের ক্বাথ, ১ কাপ ময়দা, আধা কাপ চালের গুঁড়া, ২-৩ টেবিল চামচ চিনি, এক চিমটি লবণ, আধা চা-চামচ বেকিং পাউডার, আধা কাপ দুধ, আধা কাপ কোরানো নারকেল এবং আধা চা-চামচ এলাচি গুঁড়া। এছাড়া ভাজার জন্য ঘি বা তেল এবং পরিবেশনের জন্য খেজুর গুড় ও সামান্য কোরানো নারকেল প্রয়োজন হবে।
প্রস্তুত প্রণালী:
প্রথমে তালের ক্বাথটি ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে কোনো আঁশ না থাকে। এরপর একটি বাটিতে ময়দা, চালের গুঁড়া, চিনি, লবণ ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিন। এবার এতে তালের ক্বাথ ও দুধ অল্প অল্প করে দিয়ে একটি ঘন কিন্তু ঢালার মতো মিশ্রণ তৈরি করুন।
মিশ্রণটিতে কোরানো নারকেল ও এলাচি গুঁড়া মিশিয়ে ১৫-২০ মিনিট ঢেকে রাখুন। এরপর একটি ননস্টিক প্যানে সামান্য ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করুন। এক হাতা মিশ্রণ ঢেলে গোল করে ছড়িয়ে দিন। নিচের দিক সোনালি হয়ে এলে উল্টে অন্য পাশটিও ভেজে নিন।
গরম গরম প্যানকেকের ওপর সামান্য খেজুর গুড়ের সিরাপ ও কোরানো নারকেল ছড়িয়ে পরিবেশন করুন।