তালের সিজনে ঘরেই তৈরি করা যায় অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর তালের মিল্কশেক। খুব অল্প সময়ে এবং সহজ কিছু উপকরণ ব্যবহার করে এই পানীয়টি প্রস্তুত করা সম্ভব।

তালের মিল্কশেক তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো: ১ কাপ পাকা তালের ক্বাথ, ২ কাপ ঠান্ডা দুধ, ১ স্কুপ ভ্যানিলা আইসক্রিম, ১-২ টেবিল চামচ বা প্রয়োজন অনুযায়ী চিনি, ১ চিমটি এলাচিগুঁড়া এবং ৪-৫ টুকরা বরফ। এছাড়া স্বাদের ভিন্নতার জন্য ১ টেবিল চামচ কোরানো নারকেল ও কনডেন্সড মিল্ক ব্যবহার করা যেতে পারে (ঐচ্ছিক)।

প্রস্তুত প্রণালী:
প্রথমে তালের শাঁস ভালোভাবে চটকে বা ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে, যাতে আঁশগুলো বাদ যায়। এরপর একটি ব্লেন্ডারে তালের ক্বাথ, ঠান্ডা দুধ, আইসক্রিম, চিনি ও এলাচিগুঁড়া দিয়ে ৩০-৪৫ সেকেন্ড ভালোভাবে ব্লেন্ড করতে হবে। সবশেষে বরফ দিয়ে আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে মিশ্রণটি গ্লাসে ঢেলে নিন।

পরিবেশনের সময় গ্লাসের ওপরে এক স্কুপ আইসক্রিম বা সামান্য কোরানো নারকেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ও রিফ্রেশিং তালের মিল্কশেক।