বগুড়া শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি ও বিক্রি, পণ্যে লেবেল ব্যবহার না করা এবং প্রয়োজনীয় লাইসেন্সবিহীন অবস্থায় বাজারজাতকরণের অভিযোগে পাঁচটি খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালানো হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযান শেষে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে চিহ্নিত অনিয়মগুলো সংশোধন করতে হবে এবং প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে।

এই সময়ে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। এ সময় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

অভিযানকালে ধুনট মোড় এলাকার হোটেল আখিমনি ও মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একইভাবে বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার টাকা, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, অভিযানকালে এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি ও বিক্রি হচ্ছে বলে প্রমাণিত হয়। পাশাপাশি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া এবং লেবেলহীন দই বাজারজাতকরণের বিষয়টিও নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে পাঁচটি মামলা দায়ের করা হয়। এছাড়া আদালতের নির্ধারিত জরিমানার অর্থ আদায় করা হয়।