বগুড়ার শেরপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খন্দকারটোলা ও বাগড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে জানা যায়, উক্ত বেকারি দুটিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করা হচ্ছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায়, অন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্য মোড়কজাত করায়, ভুল ঠিকানা ব্যবহার করায় এবং কারখানার অভ্যন্তরে টয়লেট ব্যবহারের মতো গুরুতর অনিয়মগুলো ধরা পড়ে।
এই আইনলঙ্ঘনের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীনই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার।
অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বগুড়া জেলা পুলিশের একটি দল।