ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুটি বেকারির মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় দেখা যায়, আল মদিনা বেকারি এবং মক্কা মিনা বেকারিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই পরিবেশে পণ্য উৎপাদনের কারণে আল মদিনা বেকারির মালিক মো. হান্নান আকনকে ২০ হাজার টাকা এবং মক্কা মিনা বেকারির মালিক মো. জলিল আকনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, জরিমানা প্রদানকারী উভয় ব্যক্তি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার মো. দেলোয়ার আকনের ছেলে এবং তারা আপন ভাই।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্যপণ্যের বিরুদ্ধে আমাদের এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"