ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলার চার দিন পর প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় রাজাপুর থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। পরে তাকে রাজাপুর থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তার শাহজাহান হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজাপুরের নৈকাঠি এলাকার ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কাঠিপাড়া এলাকার কতবেলতলা নামক একটি নালার মধ্যে মরদেহ ফেলে রেখে যায়। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে ওই দিনই রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। নিহত শাহজাহান হাওলাদারকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় এক পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।