পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগে দায়ের করা একটি মামলার প্রধান আসামি মো. রাব্বি শরীফকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত রাব্বি শরীফ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা এবং তিনি ওই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি রতন মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে পূর্ববিরোধের জেরে ভুক্তভোগীদের পথরোধ করে হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা ধারাল অস্ত্র ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে কয়েকজনকে জখম করে এবং নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মো. ফারুক হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলাটিতে রাব্বি শরীফ ছাড়াও সাব্বির হোসেন (২২), সালাম শরীফ (৫০), মো. আবু রহিম (২২), রিয়াদুল শরীফ (২৮) এবং আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ (২) ধারায় নথিভুক্ত করা হয়েছে।
আসামিপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, "গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"