পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংস পাচারের অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই হিরণের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল অভিযান পরিচালনা করে। মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকা থেকে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। গ্রেপ্তারকৃত মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া শাখায় মিটার রিডার হিসেবে কর্মরত আছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তাদের সাথে থাকা একটি ব্যাগের ভেতর থেকে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, “মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।”

এদিকে, এই ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, “কোনো অবৈধ কাজকে আমরা প্রশ্রয় দেই না। অভিযোগ প্রমানিত হলে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”