বগুড়ার শেরপুর পৌর শহরের একটি রেস্টুরেন্টে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগ উঠেছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে দেখা গেছে, রান্নাঘরে যেখানে গরুর শুকনা গোবর রাখা হয়, ঠিক সেই স্থানেই তৈরি করা হচ্ছিল পরোটার ময়দার ডো বা খামির। শুধু তাই নয়, রেস্টুরেন্টটির ওয়াশরুমের দরজার পাশেই বসে ধোয়া হচ্ছিল খাবারের বাসনপত্র। অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ করা হচ্ছিল এবং খাবার তৈরি ও সংরক্ষণে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের খাবার ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে তার সাথে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার এবং নমুনা সংগ্রহকারী মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। পুরো অভিযান চলাকালীন শেরপুর থানা-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

অভিযান সম্পর্কে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, “অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটির ওয়াশরুমের দরজার পাশে খাবারের প্লেট পরিষ্কার করা হচ্ছে। রান্নাঘরে গরুর শুকনা গোবর রাখার স্থানে পরোটার ময়দার ডো তৈরি করা হচ্ছিল। এ ছাড়া পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ, রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। খাবার তৈরি ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। কর্মীরাও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না।”

খাবার তৈরি ও সংরক্ষণে চরম গাফিলতি এবং স্বাস্থ্যবিধির লংঘনের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় রেস্টুরেন্টটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি রেস্টুরেন্টের মালিককে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সরকারের নির্ধারিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।